রংপুরে মাকে হত্যা করে ঘরের মেঝেতে গর্তে পুঁতে রাখার ঘটনায় অভিযুক্ত ছেলে জামিল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এই আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট কাউনিয়ার সিট নাজিরদহ এলাকায় পুত্র জামিল মিয়া ওরফে ভেলন, তার মা মাজেদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঘরের মেঝেতে পুঁতে রাখেন। তিনদিন পর গন্ধ বের হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ও জামিলকে গ্রেফতার করে।
এ ঘটনায় নিহতের ভাই সামসুল হক বাদি হয়ে মামলা করে। পরে ১২ জনের স্বাক্ষ্যগহণ ও জেরা শেষে জেলা ও দায়রা জজ আদালত অভিযুক্ত ছেলে জামিলের মৃত্যুদণ্ড প্রদান করেন। সেইসাথে, জরিমানা করেন ২০ হাজার টাকা।
এ সময়, রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মো. শামীম আল মামুন উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী মো. শামীম আল মামুন বলেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। কাগজপত্র পাওয়ার পর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
অপরদিকে, রাষ্ট্রপক্ষের পিপি মো. আফতাব উদ্দিন বলেন, অপরাধ করলে কেউই আইনের ঊর্ধ্বে নয়। একজন ছেলে তার মাকে হত্যার পর পুতে রাখবে, এটা খুবই জঘন্য অপরাধ। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।