চাঁদপুরের ফরিদগঞ্জে রুহুল আমিন নামে সিটি গ্রুপের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যার ঘটনায় আলোচিত আসামি রফিকুল ইসলাম রবিনকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাতে র্যাব-১১ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, গত ১১ নভেম্বর রাতে চাঁদপুরের ফরিদগঞ্জের রুস্তমপুর এলাকায় সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের বিক্রয় প্রতিনিধি রুহুলকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
গতকাল তাকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। তিনি মামলার প্রধান আসামি। তিনি লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার হাজী শামসুন নুর পাটোয়ারীর ছেলে। র্যাব জানায়, রুহুল প্রতিদিনের মতো সেদিনও পণ্য বিক্রি শেষে রাতে মোটরসাইকেলে করে ডিলারের কাছে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে রবিন ও তার সহযোগীরা তাকে থামিয়ে নগদ টাকা ছিনতাই করেন। রুহুল মোটরসাইকেলে তাদের পিছু নিলে রুস্তমপুরের সমিতি পোলের কাছে তিনি সাহায্যের জন্য ডাকতে শুরু করেন। সেই সময় রবিন তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন।
এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
র্যাব-১১ সিপিসি-২ কম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘ঘটনার পর থেকে রবিন ও তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে ফরিদগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’