পদ্মা ওয়ালেট অ্যাপের মাধ্যমে পদ্মা ব্যাংকের গ্রাহকরা এখন নিজেই ফিক্সড ডিপোজিট (এফডি) ও ডিপোজিট পেনসন স্কিম (ডিপিএস) খুলতে পারবেন। মঙ্গলবার (১৩ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে ডিজিটাল এফডি ও ডিপিএস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন গ্রাহক সর্বনিম্ন পাঁচ হাজার টাকায় এফডি এবং ৫০ টাকায় ডিপিএস খুলতে পারবেন। এফডি বা ডিপিএস খোলার পর গ্রাহকরা মেইলে একটি কনফার্মেশন স্লিপ পাবেন। যে শাখায় এফডি ও ডিপিএস খোলা হবে সেই শাখা থেকে এর মূল কপিও সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।
পদ্মা ওয়ালেট অ্যাপের নতুন এই সুবিধা সম্পর্কে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘স্মার্ট বাংলাদেশ আর কোনও স্বপ্ন নয়, এটি এখন বাস্তবতা। আজকের এই কার্যক্রম তার উৎকৃষ্ট উদাহরণ।’
অনুষ্ঠানে আরও ছিলেন– হেড অব করপোরেট সাব্বির মোহাম্মদ সায়েম, ইভিপি ও সিওও সৈয়দ তৌহিদ হোসেন, হেড অব চ্যানেলস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মুহাম্মদ জাকারিয়া করিম প্রমুখ।