ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বিভিন্ন স্থানে এখনও ঝুলছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, পোস্টার,

নির্বাচন কমিশনের নির্দেশনা মানছেন না সম্ভাব্য প্রার্থীরা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৩৭ সময় , আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৩৭ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বিভিন্ন স্থানে এখনও ঝুলছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার নির্দেশনা শেষ হলেও এখনও টানানো রয়েছে সম্ভাব্য প্রার্থীদের প্রচারপত্র। 


আসনটির বিভিন্ন হাটবাজার ও দেওয়ালে লাগানো সব প্রচার উপকরণ মাঠ পর্যায়ে দেখা গেছে। দুই উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুতের খুঁটি, দেওয়াল, সড়কের পাশের গাছ ও বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনের দেয়ালে এখনও সারি সারি ঝুলছে পোস্টার ও ব্যানার।


লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে রামগতি ও কমলনগর উপজেলায় মাইকিং করে এসব পোস্টার, ব্যানার অপসারণের নির্দেশনা দেওয়া হলেও মানছেন না সম্ভাব্য প্রার্থীরা।

গত ৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব রাজনৈতিক দলকে পোস্টার-ব্যানার অপসারণ করার নির্দেশনা দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর ৪৮ ঘণ্টা পর গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শেষ হলেও নির্বাচন কমিশনের এ নির্দেশনা মানেননি এ আসনের কোনো প্রার্থী।


আজ (১৫ ডিসেম্বর) রবিবার এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত রামগতি উপজেলার আলেকজান্ডার, জমিদারহাট, রামদয়াল, সুফিরহাট, বিবিরহাট, রামগতি বাজার ও কমলনগর উপজেলার করুনানগর, হাজিরহাট, করইতলা, চরলরেন্স, তোরাবগঞ্জ ও ফজুমিয়ারহাট এলাকায় নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ তৎপরতা দেখা যায়নি।


সম্ভাব্য প্রার্থীদের পক্ষ থেকেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। 

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপিদলীয় সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) থেকে কমলনগর উপজেলা চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ, জামায়াতে ইসলামী থেকে এ আর হাফিজ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন অ্যাড. আব্দুস সাত্তার পালোয়ান। এসব প্রার্থীদের সবার কমবেশি বিলবোর্ড, পোস্টার ও ব্যানার ঝুলানো রয়েছে।


এক্ষেত্রে প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা, জানতে চাইলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান ও রামগতির ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা কালের কণ্ঠকে বলেন, আগামীকাল থেকে মাঠপর্যায়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন।


যেসব প্রার্থীর প্রচার সামগ্রী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯