আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচিসহ বিএনপির নেতৃবৃন্দ।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বেগম খালেদা জিয়ার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। প্রতিনিধি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফরম সংগ্রহ করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ সদর আসনসহ তিনটি আসন থেকে নির্বাচন করবেন। আজ বুধবার দুপুর ২টার দিকে তার পক্ষ থেকে বখতিয়ার আহম্মেদ কচি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বেগম খালেদা জিয়া এবারই প্রথম দিনাজপুর থেকে নির্বাচন করবেন।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি বলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুরের কন্যা।
কিন্তু কোনো নির্বাচনে তিনি দিনাজপুর থেকে নির্বাচন করেননি। তার জীবনে যতগুলো নির্বাচন করেছেন, কোনো নির্বাচনে তিনি পরাজিত হননি। হয়ত এটাই তার জীবনের শেষ নির্বাচন। এই নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনের ভোটাররা তাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য মুখিয়ে আছেন।
অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোট প্রদানের জন্য। রেকর্ডসংখ্যক ভোট দিয়ে দেশনেত্রীকে দিনাজপুরের মানুষ বিজয়ী করবে।
এর আগে গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দিনাজপুর-৩ (সদর) আসনে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়।