ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত ২৩ ডিসেম্বর বিএনপি থেকে চারজন হেভিওয়েট নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তারা হলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন, চারজনের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন সৈয়দ সাদাত আহমেদ। বাকি তিনজন—গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, সাইফুদ্দীন সালাম মিঠু ও গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ—নির্ধারিত দিনে মনোনয়ন দাখিল করেননি।
নেতৃবৃন্দের মধ্যে এটি নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। কেউ বলছেন, দলের নির্দেশনা না থাকায় বা পদ-প্রতিষ্ঠানের ক্ষতি হবে ভেবে তারা ফরম দাখিল করেননি। অন্যরা মনে করছেন, তারা বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং তার সঙ্গে কোনো সভা বা সমাবেশে অংশ নেননি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া অভিযোগ করেছেন, এই চার নেতা কোনো প্রকার পরামর্শ বা আলাপ-আলোচনায় অংশ নেননি।
এসব বিষয়ে জানতে তাদের ফোন করা হলেও কল রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।