ভোরের সূর্য তখনও তেমন উঞ্চতা ছড়ায়নি। ঝালকাঠির রাজাপুরের মিস্ত্রি বাড়ির উঠান ঘেরা ঘরগুলোর সামনে পাটি পেতে বসে আছেন

ছোট উঠানে বড় বার্তা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১০ সময় , আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১০ সময়

ভোরের সূর্য তখনও তেমন উঞ্চতা ছড়ায়নি। ঝালকাঠির রাজাপুরের মিস্ত্রি বাড়ির উঠান ঘেরা ঘরগুলোর সামনে পাটি পেতে বসে আছেন সনাতন ধর্মাবলম্বী কয়েকজন নারী-পুরুষ। উঠানের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন একজন প্রবীণ। তাঁর চোখে জীবনের অভিজ্ঞতা, কণ্ঠে দৃঢ়তা। ঠিক পাশেই জামায়াতের প্রার্থী ফয়জুল হক। প্রার্থীর ডান পাশে চেয়ারে বসে আছেন এক নারী। মধ্য বয়সী এই নারীর চোখে উচ্ছ্বাসের সঙ্গে লজ্জা মিশেছে। গোল করে সাজানো চেয়ারে বসে আছেন আরো কয়েকজন নারী-পুরুষ। একধরনের নীরবতা কাজ করছে তাঁদের মধ্যে। অদূরে জমায়াতের স্থানীয় নেতাকর্মীরাও চোখ আটকে রেখেছেন প্রবীণের দিকে। প্রবীণ ব্যক্তি চার মিনিট পঁচিশ সেকেন্ড ধরে কথা বলছেন। তাঁর কথায় রয়েছে শান্তি, সতর্কতা আর ভোটারদের প্রতি সরাসরি আহ্বান। ভিডিওতে দেখা যায়, একজন বয়স্ক পুরুষ দাঁড়িয়ে বলছেন, ‘আমরা একটা বিষয়ে দুর্বল। অনেকেই মনে করেন, হিন্দুরা বিএনপিতে ভোট দিলেও প্রার্থী-সমর্থকরা বলবেন তাঁরা ভোট দেয়নি। জামায়াতে ভোট দিলেও নেতাকর্মীরা বলবেন তারা দেয়নি। জাতীয় পার্টিতে দিলেও একই কথা বলবে। এই অন্ধ বিশ্বাসে এখনও আমরা আটকে আছি। এরপর প্রার্থী ফয়জুল হকের দিকে তাকিয়ে বয়স্ক ব্যক্তি বললেন, ‘আমরা দুর্বল না, আমরা একটা বিষয় পারি না। আমরা ফয়জুল সাহেবকে ভোট দেবো। পাছে পাছে (পেছনে) যামু (ঘোরা)- হেওতো পারি না। দেশের লোক সবাই ভালো, শুধু হিন্দুরা খারাপ, এটা ঠিক নয়।’ প্রবীণ ব্যক্তি আরো বলেন, ‘আওয়ামী লীগ সব নোমোরা (হিন্দু) করে, এমন বদ্ধমূল ধারণা অনেকের মাঝেই রয়েছে। কিন্তু এখানে ১০ জনের মধ্যে একজন নোমো, ৯ জন মুসলিম। এখন টুপি মাথায় দিয়ে সবাই জামায়াত হয়ে গেছে, সব বিএনপি হয়েছে ‘- কথাগুলো বলে প্রার্থীর দিকে তাকালেন। বললেন, ‘মাইন্ড করবেন না।’ এরপর বলেন, ‘জামায়াতের প্রার্থী বিজয়ী হবেন।’ 


আবার ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আমরা অতীতের অভিজ্ঞতায় বিএনপি, আওয়ামী লীগ, জেপির শাসন ব্যবস্থা দেখেছি। জামায়াতে ইসলাম সম্পর্কে নানা নেতিবাচক ধারণা আছে, স্বাধীনতাবিরোধী শব্দ শোনা যায়। আমরা তা বিবেচনায় রাখছি না। আমরা চাই প্রার্থীর সম্মান বজায় থাকুক, তাঁর উদ্দেশ্য সফল হোক।’ ছোট উঠানটি নীরব হলেও দৃশ্যটি স্পষ্ট। নারীরা চুপচাপ বসে, চোখে মনোযোগ; পুরুষরা মাথা নেড়ে সম্মতি জানাচ্ছেন। ছোট ছোট শিশু দুষ্টুমি করছে, কিন্তু তাদের দৃষ্টি প্রাপ্তবয়স্কদের কথা শোনার মধ্যেও আটকানো। প্রার্থীর সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা একেবারে চুপচাপ বক্তব্য শুনছেন মনোযোগ দিয়ে। প্রার্থী শুধু মাঝে মাঝে মাথা নাড়িয়ে প্রবীন ব্যক্তির বক্তব্যে হ্যাঁ সূচক সমর্থন দিয়ে যাচ্ছেন। একসময় বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়। উপস্থিত ভোটাররা ফয়জুল হকের প্রতি প্রকাশ্য সমর্থন জানান। 


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সরাসরি প্রকাশ্য সমর্থন প্রার্থী-সমর্থকদের জন্য শক্তিশালী বার্তা হয়ে দাঁড়ায় এবং ভোটের ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়াও জরুরি বলে মনে করেন তাঁরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের সম্পাদক রফিকুল আলম বলেন, ‘রাজাপুরের মিস্ত্রী বাড়ির উঠান বৈঠকে ভোটারের বক্তব্যে সামাজিক ভীতি ও পূর্বধারণা স্পষ্ট দেখা গেছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভোট নীতি ও পরিচয় লুকিয়ে রাখার মনোভাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নির্বাচনী সুশাসনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯