লন্ডনে প্রায় দেড় দশকের নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর তিনি মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারান এবং দলের নেতৃত্ব গ্রহণ করেন। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশের রাজনৈতিক শূন্যতা এবং শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।
তারেক রহমান ক্ষমতায় আসলে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকার সীমাবদ্ধতা সহ সাংবিধানিক সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া দরিদ্র পরিবারের সহায়তা বৃদ্ধি, দুর্নীতি দমন এবং তৈরি পোশাক শিল্পের বাইরে নতুন শিল্প বিকাশের মাধ্যমে অর্থনীতি শক্তিশালী করার পরিকল্পনা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সম্পর্কেও তিনি নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথা জানিয়েছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল একটি দলের ক্ষমতায় আসা নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে বড় পরিবর্তন। তরুণ প্রজন্মের কাছে নীতি-নির্ধারক হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন এবং মাঠ পর্যায়ে শক্তিশালী অবস্থান তাকে নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কয়েক দিনের মধ্যে তার এই ‘নির্বাসন থেকে ক্ষমতা’ সফরের চূড়ান্ত পরিণতি জানা যাবে।