ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ এবং এটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা ও অর্থনীতির জন্য হুমকি।
বিবৃতিতে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে অনৈতিক বার্তা দেওয়া রাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। সরকারকে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ারও দাবি জানানো হয়েছে।
জামায়াত নেতারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান বজায় রাখতে সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।