২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের ফলে দেশ সাংবিধানিক সংকটে পড়ে বলে মন্তব্য

প্রতিবিপ্লব ও সামরিক শাসন থেকে দেশকে রক্ষা করেছি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩২ সময় , আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩২ সময়

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের ফলে দেশ সাংবিধানিক সংকটে পড়ে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার গঠনে বিলম্ব হওয়ায় দেশে সামরিক শাসন বা প্রতিবিপ্লবের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে তিনি নিজে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেন।


রাষ্ট্রপতি জানান, জরুরি অবস্থা বা সামরিক আইন জারির বিষয়ে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে বিভিন্ন পর্যায় থেকে তাঁকে জরুরি অবস্থা জারির জন্য চাপ দেওয়া হয়েছিল। সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা রাষ্ট্রপতির থাকলেও তিনি এই পথ বেছে নেননি। তিনি আরো বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকেও সামরিক শাসন বা জরুরি অবস্থা জারির কোনো উদ্যোগ ছিল না।


সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ইঙ্গিত দেন যে, সে সময় দেশের ভেতরে প্রতিবিপ্লবের চেষ্টা থাকতে পারে। সাধারণত এমন সংকটময় পরিস্থিতিতে দেশি–বিদেশি বিভিন্ন স্বার্থান্বেষী পক্ষ সক্রিয় হয়ে ওঠে বলে তিনি মন্তব্য করেন। তবে এসব পক্ষের পরিচয় সম্পর্কে তিনি বিস্তারিত বলেননি।


তিন বাহিনীর প্রধান—সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধান—জরুরি অবস্থা, সামরিক আইন বা জাতীয় সরকার গঠনের প্রস্তাবের বিরোধিতা করেন বলে রাষ্ট্রপতি জানান। তাঁদের অবস্থান ছিল সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচনের দিকে এগোনো।


রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, সশস্ত্র বাহিনীর লক্ষ্য ছিল গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি করা। সেনাবাহিনী প্রধান ১৮ মাসের মধ্যে নির্বাচন দেখতে চাওয়ার কথা বলেছিলেন এবং ক্ষমতা দখলের কোনো আকাঙ্ক্ষা ছিল না বলে তিনি মন্তব্য করেন।


রাষ্ট্রপতি অতীতের শেখ হাসিনা সরকারের সময়ের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বলেন, ওয়ান–ইলেভেনের মতো জরুরি অবস্থার দীর্ঘমেয়াদি প্রভাব জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। সেই অভিজ্ঞতা থেকে এবার সশস্ত্র বাহিনী সাংবিধানিক পথেই অগ্রসর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


সবশেষে রাষ্ট্রপতি বলেন, তাঁকে জরুরি অবস্থা জারির জন্য মূল লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। তবে ব্যক্তিগত দৃঢ়তা ও বিশ্বাসের কারণে তিনি সেই চাপ মোকাবিলা করে দেশকে অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯