বাংলাদেশের র্যাম্প জগতের পরিচিত মুখ লাক্স তারকা মাশিয়াত রহমান। সম্প্রতি প্যারিসের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্যারিসের ১৫ জন মডেলের সঙ্গে বাংলাদেশি মডেল হিসেবে র্যাম্পে আবার হাঁটলেন তিনি।
প্যারিস থেকে ফিরে মাশিয়াত বলেন, দারুণ একটা শো ছিল। বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার সামি আলম প্যারিসে মূলত ‘মেইড ইন বাংলাদেশ’ নামের এই ফ্যাশন শো’কে বিশ্বের কাছে ভিন্ন এক আঙ্গিকে তুলে ধরছেন। তার করা ডিজাইনে এবং আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে এবারের প্যারিসের এই ফ্যাশন শোতে বাংলাদেশ থেকে আমরা ৫জন মডেল ছিলাম।
তিনি আরও বলেন, ‘রাইজ অব বাংলাদেশ : বাংলাদেশ-ফ্র্যান্স ট্রেড ইনভেস্টমেন্ট সামিট ২০২৩' এর অংশ হিসেবে ২৩ অক্টোবর প্যারিসে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথোরিটির (বিডা) যৌথ প্রয়াসে ছিল এই শো। সঙ্গে ছিল এম্বাসি অব বাংলাদেশ, প্যারিস এবং এম্বাসি অব ফ্র্যান্স, বাংলাদেশ।
এই ফ্যাশন শোতে বাংলাদেশ থেকে মডেল হিসেবে আরও উপস্থিত ছিলেন শিরিন শিলা, মীর মারিয়াম, সিম্মি তাসফিয়া এবং আফসানা স্পৃহা। সহযোগিতায় ছিলেন মিম ও নিশান।
উল্লেখ্য, বর্তমানে টিভি নাটকে ও ফ্যাশন মিডিয়ায় নিয়মিত কাজ করছেন মাশিয়াত।