ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে। নিরাপত্তা পরিস্থিতির কারণে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী নিজেদের সব ফ্লাইট আগামী ৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে ট্রাভেল এজেন্সিগুলোকে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানায় বিমান কর্তৃপক্ষ। এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল, যা এবার বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে। বাতিল হওয়া গন্তব্যগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের নতুন ফ্লাইট সূচি বা বিকল্প সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিমান সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে আন্তর্জাতিক আকাশপথে বড় ধরনের বিঘ্ন দেখা দেয়। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতে। পরিসংখ্যান অনুযায়ী, চলমান পরিস্থিতির কারণে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আকাশপথে নিরাপত্তা ঝুঁকি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে। তাই যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।