বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর দুই পরিচালককে কাজে অবহেলার অভিযোগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) আলাদা প্রজ্ঞাপনে তাদের তাৎক্ষণিকভাবে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। ওএসডি হওয়া দুই কর্মকর্তা হলেন—বিপিসির পরিচালক (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এ কে এম আজাদুর রহমান এবং পরিচালক (মার্কেটিং) মুহাম্মদ আশরাফ হোসেন। তারা দুজনই যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা। জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন না করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা তার বিপরীত কাজ করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দুই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৮ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিপিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ২৯ হাজার টন ডিজেল, ২৩ হাজার টন অকটেন এবং ৭৭ হাজার টন ফার্নেস অয়েলের মজুত রয়েছে।
জ্বালানিমন্ত্রী আশা প্রকাশ করেছেন, সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দেশের জ্বালানি পরিস্থিতি আরও স্থিতিশীল করবে।