কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলামে দানের একটি গরু কেনার পর প্রায় এক বছরেও মূল্য পরিশোধ না করার অভিযোগ উঠেছে মো. জীবন মিয়া (২৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দেন। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও তার নাম উঠে এসেছে। মসজিদ প্রশাসনের তথ্য অনুযায়ী, গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিলামে জীবন মিয়া ৫৫ হাজার টাকায় একটি গরু ক্রয় করেন। নিয়ম অনুযায়ী নিলাম শেষে তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করার কথা থাকলেও তিনি তা দেননি। প্রায় এক বছর পার হয়ে গেলেও এখনো ওই অর্থ মসজিদ কর্তৃপক্ষের কাছে জমা পড়েনি।
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ জানান, গরুর মূল্য আদায়ের জন্য জীবন মিয়াকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অর্থ পাওয়া যায়নি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বিষয়টি তার জানা ছিল না। নিলামের গরু কীভাবে বাকিতে বিক্রি হলো তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে জীবন মিয়া নিজেকে পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য দাবি করলেও স্থানীয় বিএনপি নেতারা সেই দাবি নাকচ করেছেন। পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক বলেন, ওই ওয়ার্ডে বিএনপির কোনো কমিটি নেই। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে পাগলা মসজিদে নিলাম চলাকালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু আহত হন।
এই ঘটনায় আহত সাংবাদিক পিংকু বাদী হয়ে জীবন মিয়াকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জীবন মিয়া ও মনা নামে দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।
স্থানীয়দের দাবি, পাগলা মসজিদের নিলামকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। তারা পুরো বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।