বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা ক্ষমতায় এসে ব্যক্তিগত স্বার্থে ঢাকায় বা বিদেশে বাড়ি বানাতে আসেননি। তিনি সতর্ক করে বলেন, দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (১০ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউআই আলীম মাদ্রাসা মাঠে ৫৮৮ জন সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার মানুষের জন্য কাজ করতে এসেছে এবং দায়িত্ব পালনেই তাদের অঙ্গীকার। তিনি বলেন, যদি কেউ কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে ক্ষমা করা হবে না। তিনি আরও বলেন, “আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা ঢাকায় বাড়ি বানাবো না, বিদেশে গিয়ে বাড়ি বানাবো না, কানাডাতেও বাড়ি বানাতে যাচ্ছি না।” দেশের উন্নয়ন ও পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, অতীতের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। শিক্ষা, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মির্জা ফখরুল বলেন, জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি মানুষের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে।