কলকাতা ও ওড়িশায় আলাদা থানা সূত্রে মামলা দায়ের করেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থার অব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির অভিযোগে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’ এবং সংশ্লিষ্ট পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ শুটিংয়ের সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন রাহুল। পরবর্তীতে তার দেহ উদ্ধার করা হয়। প্রিয়াঙ্কা জানিয়েছেন, স্বামীর আকস্মিক মৃত্যুতে মানসিক আঘাতের কারণে তিনি কিছুটা বিলম্বে অভিযোগ দায়ের করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী। এফআইআরে ভারতের বিভিন্ন গুরুতর ধারার অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে, যেমন ধারা ১০৬(১), ২৪০, ও ৩(৫)। প্রযোজনা সংস্থা দাবি করেছে, নিষেধ থাকা সত্ত্বেও রাহুল গভীর জলে নামেন। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, ঢেউয়ের ধাক্কায় রাহুল ও নায়িকা শ্বেতা দুজনেই পানিতে পড়েন; শ্বেতাকে উদ্ধার করা গেলেও রাহুল তলিয়ে যান। ময়নাতদন্তে জানা গেছে, প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার করা হয়।
এই ঘটনা টলিপাড়ায় শোক ও ক্ষোভের ছাপ রেখেছে, এবং এখন শুটিং নিরাপত্তা বিষয়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।