নিজের প্রিয় দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার কঠোর প্রতিজ্ঞা করা কিশোরগঞ্জের ৮০ বছর বয়সী বৃদ্ধ ইনু মিয়া অবশেষে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বিকেলে সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তার বাড়িতে গিয়ে নিজ হাতে তাকে ভাত খাওয়ান, এর মধ্য দিয়ে তার প্রতিজ্ঞা ভেঙে যায়।
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামের বাসিন্দা ইনু মিয়া একজন বিএনপি সমর্থক। ২০০৮ সালের নির্বাচনের পর তিনি ভোটকেন্দ্রে লাঞ্ছিত হওয়ার অভিযোগ তুলে ভাত না খাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকে দীর্ঘ দেড় যুগ ধরে তিনি শুধু কলা, রুটি ও বিস্কুটসহ শুকনো খাবার খেয়ে জীবনযাপন করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম দলীয় নেতাকর্মীদের নিয়ে তার বাড়িতে যান এবং আবেগঘন পরিবেশে তাকে ভাত খাওয়ান। এ সময় তিনি ইনু মিয়ার ত্যাগের প্রশংসা করে বলেন, তার এই প্রতীকী প্রতিবাদ অনুপ্রেরণাদায়ক।
প্রতিমন্ত্রী আরও জানান, ইনু মিয়ার জন্য একটি নতুন ঘর নির্মাণ এবং তার জন্য বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় কৃষি শ্রমিক হিসেবে কাজ করা ইনু মিয়া বর্তমানে বয়স ও শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষম নন। তার স্ত্রী জোছনা খাতুন বলেন, আত্মীয়স্বজনরা বহু চেষ্টা করেও এত বছর তাকে ভাত খাওয়াতে পারেননি। এই ঘটনার সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।