ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিজেদের প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ কোটি টাকা) অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। মঙ্গলবার (১৪ এপ্রিল) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে ইরানের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহজেরানি বলেন, এটি এখন পর্যন্ত প্রাথমিক হিসাব। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন চলমান থাকায় পরিমাণ আরও বাড়তে পারে। তিনি জানান, হামলায় অবকাঠামো ধ্বংস, শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়া এবং কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।
মোহজেরানি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় এই ক্ষতিপূরণের বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ফলে ভবিষ্যতে উত্তেজনা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি