প্রতারণা মামলায় দুই বছর দণ্ডিত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর জামিন পেয়ে কারামুক্ত

কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন হেলেনা জাহাঙ্গীর

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৩, দুপুর ২:৫৩ সময় , আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৩, দুপুর ২:৫৩ সময়
প্রতারণা মামলায় দুই বছর দণ্ডিত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও  জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) রাতে আদালত থেকে হেলেনা জাহাঙ্গীরের মুক্তির কাগজপত্র কারাগারে পৌঁছে। যাচাই-বাছাই করে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। 

ফলে গ্রেপ্তারের ১৩ দিন পরে কারামুক্ত হলেন হেলেনা জাহাঙ্গীর। এর আগে বুধবার বিকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান শুনানি শেষে হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল।

প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া হেলেনা ২ নভেম্বর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।

২০২১ সালের ২৯ জুলাই রাতে ঢাকার গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে চারটি মামলা করা হয়। সেসব মামলায় তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। ২০২১ সালের নভেম্বর মাসে জামিনে মুক্তি পান হেলেনা। ২০২১ সালের ২ আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে একটি প্রতারণার মামলা করেন।

এ মামলায় গত ২০ মার্চ হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। প্রতারণার মামলায় জয়যাত্রা টিভির চেয়ারম্যান, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারকে সাজা দেওয়া হয়। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯