তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ ও পানির সংকটে চরম ভোগান্তিতে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। জ্বালানি ও গ্যাস সংকটের কারণে এখানকার ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টি বর্তমানে বন্ধ রয়েছে। চট্টগ্রাম সিস্টেম কন্ট্রোল (স্কাডা) সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টায় বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১ হাজার ২৯১ মেগাওয়াট, কিন্তু সরবরাহ ছিল প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াটের কাছাকাছি। ফলে দিনের শুরুতেই বড় ধরনের লোডশেডিং করতে হয়।
বর্তমানে গ্যাস সংকটের কারণে রাউজান ১ ও ২, মাতারবাড়ী কয়লাভিত্তিক কেন্দ্র, জুলধা ইউনিটসহ একাধিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রেরও বেশ কিছু ইউনিট উৎপাদন বন্ধ অবস্থায় আছে। এছাড়া বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট এবং শিকলবাহা কেন্দ্রের ওপর নির্ভর করেই এখন চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহ টিকে আছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে নগরের চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ, হালিশহর ও বাকলিয়া এলাকায় দিনে ৪ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এতে ওয়াসার পানি সরবরাহও ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদ্যুৎ না থাকায় গরমে বসবাস করা কঠিন হয়ে পড়েছে, পাশাপাশি পানি না পাওয়ায় দৈনন্দিন জীবন থমকে গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম স্কাডা বিভাগের প্রকৌশলী ফাহমিদা জামান জানান, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় একাধিক কেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে, ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, গরম আরও বাড়লে বিদ্যুতের চাহিদা আরও বৃদ্ধি পাবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।