চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ চরম হতাশার মধ্য দিয়ে সময় পার করছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ৬ ম্যাচ খেলেও এখনও জয়শূন্য রয়েছে শাহরুখ খান-এর মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি। শুক্রবার (১৭ এপ্রিল) গুজরাট টাইটান্স-এর কাছে ৫ উইকেটে হারের পর নতুন লজ্জার নজির গড়েছে কলকাতা।
আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোনো একটি মৌসুমের প্রথম ৬টি ম্যাচেই জয়হীন থাকলো কেকেআর। এর আগে ২০১২ সালে ডেকান চার্জার্স প্রথম দল হিসেবে এমন রেকর্ড গড়েছিল। এরপর ২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্স একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল।
এদিকে ইডেন গার্ডেন্স-এ পাঞ্জাব কিংসের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পেলেও বাকি পাঁচ ম্যাচেই হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে কলকাতার। ফলে ৬ ম্যাচ শেষে জয়শূন্য থেকে পয়েন্ট টেবিলের তলানিতে, অর্থাৎ ১০ নম্বরে অবস্থান করছে দলটি।