কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। শনিবার (১৮ এপ্রিল) ওই প্রণালি অতিক্রম করার সময় একটি ইরানি গানবোট থেকে ভারতীয় জাহাজে গুলিবর্ষণ করা হয় বলে জানা যায়। এর আগে একই দিন ‘ভাগ্য লক্ষ্মী’ নামের একটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সঙ্গে তাদের কথোপকথনের বিস্তারিত তথ্য প্রকাশ করেন, যেখানে উত্তেজনাকর পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। ঘটনার পরপরই নয়াদিল্লি তেহরানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ ও কড়া প্রতিবাদ জানায়।
ভারত সরকার জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে ভারতীয় জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে ইরানকে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু ব্যাখ্যা দাবি করেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তাদের মতে, এই পরিস্থিতিতে ওই পথে চলাচলকারী যেকোনো জাহাজকে ‘শত্রুর সহযোগী’ হিসেবে বিবেচনা করা হবে। এই ঘটনার পর বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ও অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নিতে আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত।
সূত্র: আল জাজিরা