মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল থাকার সুযোগে সীমিত পরিসরে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারতের শোধনাগারগুলো। এসব লেনদেন চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে এসব অর্থ লেনদেন সম্পন্ন হচ্ছে। ব্যাংকটির সাংহাই শাখা ব্যবহার করে ইরানি বিক্রেতাদের কাছে অর্থ পাঠানো হচ্ছে।
সূত্র জানায়, ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল করপোরেশন প্রায় ৯ বছর পর এই মাসের শুরুতে ইরান থেকে প্রায় ২০ লাখ ব্যারেল তেল আমদানি করেছে, যার মূল্য প্রায় ২০ কোটি মার্কিন ডলার। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেল বহনকারী চারটি জাহাজ সম্প্রতি ভারতের বন্দরে ভিড়তে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে তেল খালাসও করেছে বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নিষেধাজ্ঞার জটিলতার কারণে অনেক দেশ সরাসরি ইরানি তেল কিনতে আগ্রহী নয়। তবে সাম্প্রতিক মার্কিন সিদ্ধান্তে ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করায় বাজারে এই লেনদেন কিছুটা গতি পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার জ্বালানি তেলের ওপর অস্থায়ীভাবে এই শিথিলতা দিয়েছিল মূলত বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে। তবে মার্কিন বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, এই ছাড়ের মেয়াদ আর বাড়ানো হবে না এবং রোববারেই তা শেষ হচ্ছে।
বিষয়টি নিয়ে আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান অয়েল করপোরেশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
সূত্র: রয়টার্স