দেশের টেকসই উন্নয়ন ও জাতিগত অগ্রগতির জন্য শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময় , আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময়

দেশের টেকসই উন্নয়ন ও জাতিগত অগ্রগতির জন্য শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা, এবং শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন কল্পনাও করা যায় না। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স হলে ‘এসোসিয়েশন ফর ম্যাস এডভান্সমেন্ট নেটওয়ার্ক (আমান)’ আয়োজিত ছাত্রবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, শিক্ষায় সফলতা অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবারই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্বশীলতার মাধ্যমেই শিক্ষাক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমান-এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিগরি ও শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, ইকো ইউএস-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম এবং মানারাত ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মিজানুর রহমানসহ অন্যান্য অতিথিরা।


কাদের গনি চৌধুরী বলেন, “শিক্ষা ছাড়া সভ্যতা গড়ে ওঠে না। তাই জাতির অগ্রগতির জন্য শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।” তিনি অভিভাবকদের দায়িত্বের বিষয়েও গুরুত্বারোপ করে বলেন, সন্তানকে শুধু স্কুলে পাঠিয়ে দায়িত্ব শেষ করা নয়, বরং তার আচরণ, পরিবেশ ও সঙ্গীদের ওপরও নজর রাখা জরুরি। তিনি আরও বলেন, শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বন্ধুসুলভ আচরণ ও নৈতিক শিক্ষাই একটি শিশুকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে।


এ সময় তিনি শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে বলেন, জাতীয় বাজেটের ২০ শতাংশ এবং জিডিপির ৪–৬ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ হওয়া উচিত। বর্তমানে বরাদ্দ কম থাকায় আন্তর্জাতিক মানের তুলনায় বাংলাদেশ পিছিয়ে আছে বলে তিনি মন্তব্য করেন। শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিভিন্ন জরিপে বাংলাদেশের শিক্ষার মান নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। তিনি বলেন, পরীক্ষায় পাসের হার বাড়লেও বাস্তব জ্ঞান ও দক্ষতা বাড়েনি, যা ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত শিক্ষক ও কার্যকর শিক্ষা ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থায় সংস্কার ও সঠিক নীতি গ্রহণ এখন সময়ের দাবি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯