বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নেওয়া ৬০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরা হয়েছে। এর মধ্যে শিক্ষা ও ক্রীড়া খাতে বড় ধরনের সংস্কার ও নতুন নিয়োগ পরিকল্পনার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন।
তিনি জানান, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন স্তরের শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার মানোন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ছয়টি খেলায় তিনজন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। মহানগর পর্যায়ে উন্মুক্ত খেলার মাঠের ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে জনপ্রিয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ পুনরায় চালু করা হয়েছে, যেখানে এবার ক্রীড়া ও কোরআন তিলাওয়াত বিভাগও যুক্ত করা হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই লাখ শিক্ষার্থীর জন্য বিনা মূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
তিনি আরও বলেন, বিভিন্ন স্কুলে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির পাইলট প্রকল্প শুরু হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় লার্নিং উইথ হ্যাপিনেস, কারিগরি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি যুক্ত করে শিক্ষাক্রম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ ও কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানানো হয়। এছাড়া ক্রীড়া খাতে স্পোর্টস কার্ড ও স্পোর্টস অ্যালাউন্স চালু করা হয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে শতাধিক ক্রীড়াবিদ নিয়মিত ভাতা পাচ্ছেন বলে জানানো হয়।