জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এখন সামাজিক মাধ্যম ও ইউটিউবে তুমুল আলোচনায়। নাটকটির ব্যাপক জনপ্রিয়তা এবং নিজের চরিত্র নিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দীপা খন্দকার। নাটকটিতে ‘ফাতেমা’ নামের ফুফু চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন তিনি। দর্শকদের এই ভালোবাসা নিয়ে দীপা খন্দকার বলেন, এখন মানুষ যে পরিবারকেন্দ্রিক গল্পের জন্য কতটা অপেক্ষা করে—তা দর্শকরাই ভালো বলতে পারবেন।
তিনি জানান, তার দীর্ঘ অভিনয় জীবনে এমন অভিজ্ঞতা খুব কমই হয়েছে, যেখানে একটি নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে। নিয়মিতভাবে দর্শকদের কাছ থেকে “কেন নতুন পর্ব আসছে না”—এমন প্রশ্ন পাওয়া আসলে ভালোবাসারই প্রতিফলন বলে মনে করেন তিনি। নাটকের সাফল্যের কৃতিত্ব তিনি নির্মাতা মোস্তফা কামাল রাজের ওপরই দিয়েছেন। তার ভাষায়, শুরুতে তারা ভাবেননি যে নাটকটি এত বড়ভাবে মানুষের হৃদয়ে নাড়া দেবে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের এই ভালোবাসাই নাটকটিকে বিশেষ জায়গায় নিয়ে গেছে।
ব্যক্তিগত জীবনের এক অপূর্ণতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, বাস্তব জীবনে তার কোনো ভাই না থাকায় কখনো ফুফু হওয়ার সুযোগ হয়নি। তবে এই নাটকের মাধ্যমে সেই অপূর্ণতা যেন পূরণ হয়েছে। দর্শকদের কাছ থেকে ‘জাতীয় ফুপু’ উপাধি পাওয়াকে তিনি জীবনের বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন। বর্তমানে ৪৬টি পর্ব প্রচারিত হওয়া এই নাটকে তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। গল্পে পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের গভীরতা দর্শকদের আরও বেশি আকৃষ্ট করছে।