বাংলাদেশের পুলিশ বাহিনীর পোশাকে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিফর্মের রঙ নিয়ে দীর্ঘদিনের আলোচনা-সমালোচনার পর পুরোনো ঘরানার রঙে ফেরার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন প্রস্তাব অনুযায়ী, পুলিশের পোশাকে এখন থেকে গাঢ় নীল এবং হালকা অলিভ বা জলপাই রঙের সংমিশ্রণ ব্যবহার করা হবে।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা থেকে এই পরিবর্তনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মাঠপর্যায়ের সদস্যদের প্রতিক্রিয়া এবং জনমতের কারণে আগের নির্ধারিত রঙ নিয়ে পুনর্বিবেচনা করা হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী শার্টের রঙ “লোহার মতো” এবং প্যান্টের রঙ কফি নির্ধারণ করা হয়েছিল। তবে সেই রঙ নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।
নতুন প্রস্তাবে বলা হয়েছে, মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা অলিভ বা জলপাই রঙের। এছাড়া এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের জন্য শার্ট হবে গাঢ় নীল রঙের। সব ক্ষেত্রেই প্যান্টের রঙ থাকবে খাকি (টিসি টুইল)। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই পরিবর্তনে সরকারের অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। নিয়মিত ইউনিফর্ম সরবরাহ ব্যবস্থার মধ্যেই নতুন রঙ সমন্বয় করা সম্ভব হবে।
দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে নতুন ইউনিফর্ম কার্যকর করার প্রস্তুতি চলছে। কর্তৃপক্ষের ধারণা, এই পরিবর্তনের মাধ্যমে বাহিনীর সদস্যদের সন্তুষ্টি ও পেশাগত গাম্ভীর্য আরও বাড়বে।