রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন-কে ছুরিকাঘাতে জখম করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র্যাব। এক বার্তায় সংস্থাটি জানায়, চাঞ্চল্যকর এই হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এর আগে সোমবার বিকেলে অফিস শেষে বাসায় ফেরার পথে ডা. আহমদ হোসেন-এর ওপর হামলা চালানো হয়। বনানী এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর পুরোনো ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২-৩ জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, ডা. আহমদ হোসেন হাসপাতালের টেন্ডার সংক্রান্ত দায়িত্বে রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ভয় দেখাতেই এই হামলা চালানো হতে পারে।