বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৮ম শিক্ষক নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার এমসিকিউ ফলাফল প্রকাশ করেছে। বুধবার (২২ এপ্রিল) রাতে প্রকাশিত এ ফলাফলে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এই পরীক্ষায় ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৮ হাজার ১৪৬ জন।
প্রকাশিত ফলাফলে পদভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর (মেধাক্রম নয়) এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি উত্তীর্ণদের ফলাফল টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানানো হচ্ছে। এনটিআরসিএ জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষার সময়সূচি শিগগিরই তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রয়োজনে বিধি অনুযায়ী ফলাফল সংশোধনের অধিকার সংস্থাটি সংরক্ষণ করে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে প্রথমবারের মতো এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।