বয়স, স্বাস্থ্য ও পরিবেশগত নানা কারণে বিশ্বজুড়ে মানসিক চাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে জেন-জি বা তরুণ প্রজন্ম এই চাপ আরও তীব্রভাবে অনুভব করছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। এমন পরিস্থিতিতে সহজ ও কার্যকর একটি সমাধান হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে ‘প্যানিক পাউচ’। বিশেষজ্ঞদের মতে, এটি একটি ছোট ব্যাগ বা কিট, যেখানে এমন কিছু প্রয়োজনীয় জিনিস রাখা হয় যা হঠাৎ মানসিক উদ্বেগ বা চাপ তৈরি হলে দ্রুত মনকে শান্ত করতে সাহায্য করে।
মনোবিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, এই ধারণাটি মূলত মনোযোগকে অন্যদিকে সরিয়ে নেওয়ার উপর ভিত্তি করে তৈরি। উদ্বেগের সময় মানুষ এক ধরনের চিন্তায় আটকে পড়ে। তখন গন্ধ, স্বাদ, স্পর্শ বা দৃশ্যের মতো ইন্দ্রিয়কে সক্রিয় করলে মস্তিষ্ক নতুন সংকেত পায় এবং ধীরে ধীরে মানসিক চাপ কমে আসে। ‘প্যানিক পাউচ’-এ সাধারণত পুদিনা বা টক স্বাদের ক্যান্ডি, সুগন্ধি তেল বা লোশন, প্রিয় ছবি, স্ট্রেস বল বা নরম খেলনা রাখা হয়। পাশাপাশি ইয়ারপ্লাগ, ছোট হাতপাখা এবং শ্বাস-প্রশ্বাসের অনুশীলনের নির্দেশনা লেখা কার্ডও রাখা যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি তৈরি করার আগে ব্যক্তির মানসিক অবস্থার ধরন ও উদ্বেগের কারণ ভালোভাবে বোঝা জরুরি। কোন পরিস্থিতিতে বেশি চাপ তৈরি হয় এবং তখন শরীর কীভাবে প্রতিক্রিয়া দেখায়—এ বিষয়গুলো বিবেচনায় নিলে পাউচ আরও কার্যকর হয়। উদ্বেগের কারণে অনেক সময় মাথাব্যথা বা পেটের অস্বস্তির মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী কিছু প্রাথমিক ওষুধও এতে রাখা যেতে পারে।
সহজে বহনযোগ্য এই ‘প্যানিক পাউচ’ হঠাৎ মানসিক চাপ মোকাবিলায় একটি ব্যক্তিগত ও কার্যকর সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।