মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত প্রশমনে নতুন কূটনৈতিক উদ্যোগ সামনে এসেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করা এবং যুদ্ধবিরতির বিষয়ে ইরান-এর দেওয়া একটি প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের পাঠানো প্রস্তাবটি বর্তমানে মার্কিন প্রশাসনের আলোচনার টেবিলে রয়েছে। মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসে বিষয়টি পর্যালোচনা করেছেন।
ইরানের প্রস্তাবে যুদ্ধবিরতির পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক চলাচল স্বাভাবিক করার কথা বলা হয়েছে। তবে এর বিনিময়ে তেহরান চায়, বর্তমানে চলমান পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনাগুলো সাময়িকভাবে স্থগিত রাখা হোক।তবে যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে কঠোর অবস্থানে অনড় রয়েছে। হোয়াইট হাউস বলছে, ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং সেখানে কোনো ধরনের আপসের সুযোগ নেই।
বিশ্লেষকদের মতে, আল জাজিরা-এর প্রতিবেদনে উল্লেখ করা এই কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মোড় আনতে পারে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যিক রুটের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এই সিদ্ধান্ত। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই শর্তযুক্ত প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত এই প্রস্তাব গ্রহণ করবে নাকি নতুন শর্ত আরোপ করবে—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা।