নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ‘ফাতেহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। মঙ্গলবার (২৮ এপ্রিল) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার সাফল্য ঘোষণা করে। এতে বলা হয়, আধুনিক অ্যাভিওনিকস ও নেভিগেশন প্রযুক্তি সংবলিত এই ক্ষেপণাস্ত্রটি সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইএসপিআর জানায়, পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল সেনাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা যাচাই এবং ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যভেদে নির্ভুলতা ও প্রতিকূল পরিবেশে কার্যকারিতা পরীক্ষা করা। সফল পরীক্ষার মাধ্যমে ফাতেহ-২ সিস্টেমের বিভিন্ন উপ-ব্যবস্থার কার্যক্ষমতাও নিশ্চিত করা হয়েছে। এই পরীক্ষাটি পর্যবেক্ষণ করেন পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন (এসপিডি), আর্মি রকেট ফোর্স কমান্ড এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজ্ঞানী ও প্রকৌশলীদের একটি দল, যারা এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
সফল পরীক্ষার পর পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান। তারা বলেন, দেশীয় প্রযুক্তিতে এমন উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা ও সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করবে। বিশ্লেষকদের মতে, ফাতেহ সিরিজের এই নতুন সংস্করণ পাকিস্তানের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সামরিক কৌশলে নতুন মাত্রা যোগ করবে।
উল্লেখ্য, এর আগেও পাকিস্তান ফাতেহ সিরিজের বিভিন্ন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে।