বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন গৌরব যোগ করলেন সাহসী অভিযাত্রী বাবর আলী। হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে বিশ্বের পঞ্চম

বাবর আলীর আরেক রেকর্ড, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৪১ সময় , আপডেট সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৪১ সময়

বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন গৌরব যোগ করলেন সাহসী অভিযাত্রী বাবর আলী। হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাকালুর চূড়ায় সফলভাবে আরোহণ করেছেন তিনি। শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তিনি। এই সাফল্যের মাধ্যমে বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতের মধ্যে পাঁচটি জয় করার অনন্য কৃতিত্ব অর্জন করলেন।


মাকালু অভিযানটি ছিল অত্যন্ত কঠিন ও দীর্ঘ সময়ের। টানা প্রায় সাড়ে আট ঘণ্টা নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর তিনি চূড়ায় পৌঁছান। অভিযানের সময় তার সঙ্গে ছিলেন অভিজ্ঞ শেরপা আং কামি। বর্তমানে তিনি নিরাপদে নিচে নামার পথে রয়েছেন। পর্বতারোহণে চূড়ায় ওঠার মতোই নিচে নামাও ঝুঁকিপূর্ণ। তাই তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সহযাত্রীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে। পিরামিড আকৃতির মাকালু নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত এবং পর্বতারোহীদের কাছে ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত। এর বিশেষ ভৌগোলিক গঠনের কারণে প্রবল বাতাসে বরফ সরে গিয়ে কালো পাথর দৃশ্যমান হয়, যা এর নামের উৎস হিসেবে ধরা হয়।


গত ৭ এপ্রিল এই অভিযানের প্রস্তুতির জন্য নেপালে যান বাবর আলী। এর আগে ২০২২ সালে তিনি আমা দাবালাম জয় করেন। ২০২৪ সালে বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে আরোহণ করে আলোচনায় আসেন। এরপর ২০২৫ সালে অন্নপূর্ণা-১ জয় করে প্রথম বাংলাদেশি হিসেবে নতুন ইতিহাস গড়েন এবং একই বছরে কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলুর চূড়ায় আরোহণ করে নিজের দক্ষতার প্রমাণ দেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯