পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় ব্যায়াম করার সময় এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যায় নতুনহাট গ্রিন সিটি আবাসিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চুরকিন ভ্লাদিমির। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন।
জানা যায়, ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি প্রকল্প সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং রূপপুর প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তার দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।