হরমুজ প্রণালীতে সামরিক অভিযানে সমর্থন না দেওয়ায় ইউরোপীয় মিত্র দেশগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতালি ও স্পেন থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন। এর আগে জার্মানি থেকেও সেনা সংখ্যা কমানোর ইঙ্গিত দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ইউরোপীয় দেশগুলো যথেষ্ট সহযোগিতা করছে না, যা তিনি “ভয়াবহ আচরণ” বলে উল্লেখ করেন।
ইতালি ও স্পেন প্রসঙ্গে ট্রাম্প বলেন, “ইতালি আমাদের সহায়তা করেনি, আর স্পেন তো একেবারেই সহযোগিতা করছে না। আমি এই দুই দেশ থেকে সেনা সরানোর বিষয়টি বিবেচনা করছি।” প্রতিবেদনে বলা হয়, গত মার্চের শেষ দিকে ইতালি তাদের সিসিলি বিমানঘাঁটি থেকে মার্কিন অস্ত্রবাহী বিমানের কার্যক্রমে বাধা দেয়। অন্যদিকে স্পেন শুরু থেকেই মধ্যপ্রাচ্য সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরোধিতা করে আসছে এবং যৌথ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো ট্রাম্পের বক্তব্যকে “অপ্রত্যাশিত” বলে মন্তব্য করেছেন এবং সহযোগিতার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। স্পেন এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বর্তমানে ইতালিতে প্রায় ১৩ হাজার এবং স্পেনে প্রায় ৩,৮০০ মার্কিন সেনা অবস্থান করছে। ইউরোপজুড়ে যুক্তরাষ্ট্রের মোট সেনা সংখ্যা প্রায় ৬৮ হাজার, যার বড় অংশ জার্মানিতে মোতায়েন রয়েছে।
ট্রাম্পের এই অবস্থানের সমালোচনা করেছেন মার্কিন রিপাবলিকান প্রতিনিধি ডন বেকন, যিনি একে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন। বিশ্লেষকদের মতে, ইউরোপ থেকে সেনা প্রত্যাহার হলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক প্রভাব দুর্বল হতে পারে, যদিও জার্মান সামরিক কর্মকর্তারা এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান