দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ মে) সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর ও জেলা পর্যায়ে একযোগে ২৯টি নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। ঘোষিত কমিটিগুলোর মধ্যে কয়েকটি পূর্ণাঙ্গ, কয়েকটি আংশিক এবং কিছু ক্ষেত্রে বর্ধিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাতটি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে।
এর মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ পর্যায়ে ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। মহানগর ও জেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামোতেও বড় পরিবর্তন আনা হয়েছে। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং জামালপুর মহানগরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কলেজ পর্যায়ে আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক কমিটি এবং ঢাকা কলেজে বর্ধিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলটির নেতারা মনে করছেন, এই পুনর্গঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও শক্তিশালী হবে।