পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশকে নিয়ে আপত্তিকর মন্তব্য আসছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, এসব মন্তব্য আগে তেমন দেখা না গেলেও বর্তমানে পরিস্থিতি ভিন্ন রূপ নিয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন সদস্যদের যোগদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, তাই দেশের অভ্যন্তরীণ বিষয়ে মতামত দেওয়ার জন্য দেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট। তার মতে, বাইরের কোনো রাজ্য বা প্রশাসনের এ বিষয়ে মন্তব্য করা অনুচিত। তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক নির্বাচনের পর যে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে বাংলাদেশ নিয়ে আগের তুলনায় “কঠোর ও আপত্তিকর বক্তব্য” শোনা যাচ্ছে, যা উদ্বেগজনক।
এ সময় তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও মন্তব্য করেন এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারা।