পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরও পদত্যাগ না করার অবস্থান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতির কথাও তিনি জানিয়েছেন। বুধবার (৬ মে) কলকাতার কালীঘাটে দলীয় জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক।”
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত নির্বাচনের ফল ৪ মে প্রকাশিত হয়। মোট ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০৭টি আসনে জয় পায়, যেখানে মমতার তৃণমূল কংগ্রেস পায় ৮০টি আসন। অন্যান্য দল ও নির্দল প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হন। একটি আসনের ফল অনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভেতরে অন্তর্ঘাতের অভিযোগ তোলেন এবং বলেন, “যারা অন্তর্ঘাত করেছে তাদের নাম দিন।” একই সঙ্গে তিনি দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তবে বৈঠকে নির্বাচিত ৮০ জন বিধায়কের মধ্যে ১০ জন অনুপস্থিত ছিলেন, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়া হবে এবং এলাকাভিত্তিক ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হবে। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত সময়ে পদত্যাগ না করলে বিধানসভার মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসনিক দায়িত্ব স্বাভাবিকভাবে পরিবর্তিত হতে পারে।