নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় এক মালয়েশিয়াপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা ও ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা নগদ অর্থ, স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স সামগ্রীসহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা জলিল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রবাসীর পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগমকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, দাবিকৃত টাকা না দেওয়ায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় অবস্থিত প্রবাসীর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর ও জিম্মি করে ফেলে। এরপর তারা ঘরের আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ১৫ ভরি ৮ আনা স্বর্ণালংকার লুট করে নেয়। পাশাপাশি ল্যাপটপ, আইপ্যাড ও চারটি স্মার্টফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্রও নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
জাকিয়া বেগম বলেন, হামলাকারীরা যাওয়ার সময় একটি মোবাইল নম্বর দিয়ে ‘মীমাংসার’ জন্য যোগাযোগ করতে বলে এবং ঘটনাটি পুলিশকে জানালে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় শুক্রবার (৮ মে) সোনারগাঁ থানায় স্থানীয় এক যুবকসহ ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।