মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই জেলগেট থেকেই পুনরায় আটক হয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানা। শুক্রবার (৮ মে) সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। জানা গেছে, কাজী সোনিয়া সুলতানা মাগুরা সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। গত বৃহস্পতিবার (৭ মে) তিনি হাইকোর্ট থেকে ওই মামলায় জামিন লাভ করেন। জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর শুক্রবার সকালে তিনি মুক্তি পান। তবে কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট এলাকায় তাকে পুনরায় আটক করে পুলিশ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, তার বিরুদ্ধে নাশকতা সংশ্লিষ্ট আরেকটি মামলায় সম্পৃক্ততার অভিযোগ থাকায় তাকে নতুন করে আটক করা হয়েছে। কাজী সোনিয়া সুলতানা মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া এলাকার মৃত জামিল হোসেনের মেয়ে। উল্লেখ্য, গত ৫ মার্চ জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পরদিন একটি মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল বলে জানা যায়।
বর্তমানে তাকে নতুন মামলার তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে আইনগত হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।