দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন থালাপতি বিজয়। শনিবার (৯ মে) তার নেতৃত্বাধীন জোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে। জানা গেছে, বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম) এবং ভিসিকে–সহ কয়েকটি দলের সঙ্গে জোট গঠন করে মোট ১২০টি আসনে জয়ী হয়েছে। তামিলনাড়ুর বিধানসভায় মোট আসন সংখ্যা ২৩৪টি হওয়ায় এই জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
সূত্র অনুযায়ী, টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয় পেয়েছে, তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে জোটের মাধ্যমে অতিরিক্ত আসন যোগ হয়। এর আগে বিজয় চেন্নাইয়ে রাজ্যপালের সঙ্গে টানা দুই দিন বৈঠক করেন এবং সংখ্যাগরিষ্ঠতা দাবি করেন। তবে তখন পর্যাপ্ত সমর্থনের প্রমাণ দিতে না পারায় সরকার গঠনের অনুমতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
পরবর্তীতে জোটভুক্ত দলগুলো সমর্থন নিশ্চিত করলে পরিস্থিতি বদলে যায়। সিপিআই নেতা ভীরাপান্দিয়ান জানিয়েছেন, গণতান্ত্রিক দায়িত্বের অংশ হিসেবে তারা টিভিকে–কে সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন দিয়েছে। এই পরিবর্তনের ফলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।