দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বিজয় জানান, আরও দুটি রাজনৈতিক দল তার জোটকে সমর্থন দিয়েছে। এর ফলে তার দল টিভিকে নেতৃত্বাধীন জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।
রাজ্যপাল পরে বিভিন্ন দলের দেওয়া সমর্থনপত্র যাচাই-বাছাই করেন। বিশেষ করে ভিসেকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর সমর্থনের সত্যতা নিশ্চিত করা হয়। এর আগে ভারতীয় কংগ্রেস, সিপিআই ও সিপিআই (এম)সহ বামপন্থি কয়েকটি দলও বিজয়ের প্রতি সমর্থন জানিয়েছিল। সব নথিপত্র যাচাই শেষে রাজ্যপাল নিশ্চিত হন যে, থালাপতি বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। পরে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়।
জানা গেছে, রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়। তার শপথ অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একটি সূত্র জানিয়েছে, প্রথমে রাজ্যপাল থালাপতিকে জানিয়েছিলেন যে এক ঘণ্টার মধ্যে সরকার গঠনের আমন্ত্রণপত্র পাঠানো হবে। তবে বিজয় নিজেই রাজভবনে অপেক্ষা করেন এবং পরে হাতে আমন্ত্রণপত্র নিয়েই সেখান থেকে বের হন।
অভিনয় জগত থেকে রাজনীতিতে এসে খুব অল্প সময়ের মধ্যেই জনসমর্থন অর্জন করা থালাপতি বিজয়ের এই উত্থানকে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।