আগামীকাল রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। চার দিনব্যাপী এ আয়োজন চলবে ১৩ মে পর্যন্ত। তবে এবারের পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান স্থগিত করা হয়েছে। চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। তবে পদকের তালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তালিকায় বিগত সরকারের সময়ে সুবিধাভোগী ও বিতর্কিত হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তার নাম উঠে আসায় বিষয়টি নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে প্রশ্ন ওঠে। এরপর পদকের জন্য সরকারি আদেশ (জিও) জারি না হওয়ায় আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়নি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা জানান, রোববার পদক প্রদান হচ্ছে না। পুরো তালিকা এখনো যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে এবং পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, যাচাইয়ের ভিত্তিতে কিছু নাম বাদ পড়তে পারে, আবার নতুন নাম যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতি বিদেশ সফরে থাকায় জিও জারি করা সম্ভব হয়নি। এছাড়া তালিকাটি আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে, তাই পদক প্রদান আপাতত স্থগিত রাখা হয়েছে।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে এবারের পুলিশ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, পুলিশ সপ্তাহ শুরু হওয়ার পর পদক প্রদান স্থগিতের ঘটনা বিরল। এ নিয়ে পুলিশের অভ্যন্তরে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। সাধারণত সাহসিকতা, কর্মদক্ষতা ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের এই পদক দেওয়া হয়, যা তাদের কর্মস্পৃহা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে এবার পদকের তালিকা ঘোষণার পর থেকেই অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব ও তদবিরের মাধ্যমে কিছু নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে মাঠ পর্যায়ের অনেক পুলিশ সদস্যের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছে বলে জানা গেছে। অনেকের অভিযোগ, ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেও অনেকে পদক থেকে বঞ্চিত হয়েছেন।