রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে বের হয়ে এসে তারা এই আন্দোলন শুরু করেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভাঙার চেষ্টা করেন বলে জানা গেছে।
এ সময় বিক্ষোভকারীরা গেটে টানানো কিছু ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টাও করেন এবং ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি জানান। এর আগে সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি মুছে ফেলা হয়। এই ঘটনার পরই শিক্ষার্থীদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামে বলে জানা গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।