মাদারীপুরের রাজৈর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পিটুনিতে রহিম সরদার (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার রাতে এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিম সরদার ওই গ্রামের মৃত সোহরাব সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রহিম সরদার ঢাকায় ভ্যানে পোলাও চাল বিক্রির ব্যবসা করতেন। পাওনা টাকা লেনদেনকে কেন্দ্র করে একই গ্রামের আসাদ বেপারী (৫০) ও তার ছেলে দিদার বেপারীর (৩০) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
প্রতিপক্ষের মারধরে রহিম সরদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
থানা পুলিশ জানায়, নিহতের স্ত্রী বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।