চতুর্থ দিন শেষে স্বাগতিক বাংলাদেশ তিন উইকেট হারিয়ে ১৭৮ রানের লিড নিয়েছে। শেষ দিনে ম্যাচের ফল নির্ধারণ হতে পারে—তবে দুই দলের মিলিয়ে এখনো হাতে আছে ১৭ উইকেট। এমন পরিসংখ্যানে অনেকেই ড্রয়ের সম্ভাবনা দেখলেও, জয়ের আশা ছাড়ছেন না টাইগাররা। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পারলে এখনও ম্যাচ জেতা সম্ভব। তার মতে, সফরকারীদের সামনে যদি ২৬০ রানের লক্ষ্য দাঁড় করানো যায় এবং বাংলাদেশ বোলাররা ৭৫ ওভার ধরে চাপ ধরে রাখতে পারে, তাহলে জয়ের সুযোগ থাকবে।
তিনি বলেন, “৭৫ ওভার যদি আমরা বোলিং করতে পারি এবং ২৬০ রানের মতো লক্ষ্য দিতে পারি, তাহলে জেতা সম্ভব হবে।” তবে তিনি স্বীকার করেন, ওপেনিং জুটি দুই ইনিংসেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে এসেছে ১৩ রান এবং সাদমান ইসলামের ব্যাট থেকে ২৩ রান। তবে অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানরা পরিস্থিতি সামলে নিয়েছেন বলে মনে করেন তিনি। আশরাফুল আরও বলেন, আগের সিরিজে ওপেনারদের পারফরম্যান্স ভালো ছিল, তবে এই ম্যাচে ব্যর্থতার পেছনে টস হেরে আগে ব্যাটিং করাও একটি বড় কারণ।
শেষ দিনে কৌশল নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, দল জয়ের লক্ষ্যেই খেলছে এবং স্পিন ও পেস আক্রমণ দিয়ে সফরকারীদের চাপে ফেলার পরিকল্পনা রয়েছে। তার মতে, আবহাওয়া সহায়তা করলে পুরো দিন খেলা হলে ম্যাচের ফল আসতে পারে। তিনি আরও বলেন, সকালে ভালো ব্যাটিং করতে পারলে এখনও ম্যাচ জয়ের সুযোগ রয়েছে।