পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত ‘বৃক্ষরোপণ ও এনজিওর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহদী আমিন বলেন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সব পক্ষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং উন্নয়ন কার্যক্রমে পরিবেশগত ভারসাম্য বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দুই ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভায় দেশের দুই শতাধিক এনজিও প্রতিনিধি অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ বৃক্ষরোপণের অঙ্গীকারও ব্যক্ত করেন।