আগামী বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন পরিকল্পনা অনুযায়ী, এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজন করা হবে। বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুর বোর্ড বাজার ক্যাম্পাসে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শ্রেষ্ঠত্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে শিক্ষাব্যবস্থায় তৈরি হওয়া সেশনজট ধীরে ধীরে কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরানোর চেষ্টা চলছে। শিক্ষার্থীদের ওপর চাপ কমানো এবং পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখতে সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আগে ডিসেম্বরে পাবলিক পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এখন লক্ষ্য হলো বাস্তবসম্মত ও চাপমুক্ত পরীক্ষার সময়সূচি নিশ্চিত করা। শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর এসএসসি জানুয়ারির শেষ দিকে এবং এইচএসসি জুনে নেওয়া হলেও পরবর্তী সময়ে সেশনজট সম্পূর্ণভাবে নিরসন করে নিয়মিত ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের সময় অপচয় রোধ এবং একাডেমিক কার্যক্রম সুশৃঙ্খল করতে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক ক্যালেন্ডারও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে আইইউটির উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও অনেকে বক্তব্য রাখেন। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে আলোচনা হয়। সেখানে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ ডিসেম্বরে এসএসসি পরীক্ষা আয়োজনের বিরোধিতা করেন এবং শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ বাড়বে বলে মত দেন। সভা শেষে শিক্ষামন্ত্রী বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনা করে, যাতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।