চড়াই-উতরাই পেরিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ছয়জন ব্যতিক্রমী ব্যক্তিকে ‘এম-রাইজ হিরো’ সম্মাননায় ভূষিত করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘এম-রাইজ গালা নাইট’-এ এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জীবনভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন, হিরো রিভিল এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নির্বাচিতদের হাতে ক্রেস্ট তুলে দেন জনপ্রিয় মেগাস্টার শাকিব খান। এ সময় আবুল খায়ের গ্রুপের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ উপস্থিত ছিলেন।
এ বছর ‘এম-রাইজ হিরো’ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া লাবলু, যিনি স্বল্প খরচে বায়োনিক হাত তৈরি করে অনেকের জীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছেন। কক্সবাজারের মো. রোস্তম আলী ‘মা-বাবা ফাউন্ডেশন’-এর মাধ্যমে বৃদ্ধ ও এতিম শিশুদের সহায়তা করছেন। ঢাকার মো. আবদুল কাইয়ুম দীর্ঘদিন ধরে পথপ্রাণী উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।
এছাড়া চট্টগ্রামের মো. রিজওয়ান ‘এক টাকায় শিক্ষা’ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা করছেন। কক্সবাজারের মরিয়ম উপকূলীয় নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সমুদ্রশৈবাল চাষে কাজ করছেন। অন্যদিকে প্রসেনজিৎ কুমার সাহা ‘উচ্ছ্বাস’ উদ্যোগের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতায় ভূমিকা রাখছেন।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এমন স্বীকৃতি তাদের কাজের অনুপ্রেরণা বাড়াবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। মেগাস্টার শাকিব খান বলেন, যারা নীরবে সমাজের জন্য কাজ করছেন তাদের স্বীকৃতি প্রদান সত্যিই গর্বের বিষয়। এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে মানবিক ও সামাজিক কাজে উৎসাহিত করবে বলে তিনি মন্তব্য করেন।
আবুল খায়ের গ্রুপের শেখ শাবাব আহমেদ বলেন, ‘এম-রাইজ’ কেবল একটি সম্মাননা নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা মানুষদের গল্প তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে যাতে সমাজে অবদান রাখা মানুষদের কাজ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।