লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করেছিল বার্সেলোনা। এবার স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস গড়ে রিয়াল মাদ্রিদের চার দশক পুরোনো রেকর্ড ভেঙেছে কাতালান ক্লাবটি। রোববার (১৭ মে) নিজেদের মাঠে মৌসুমের শেষ ম্যাচে রিয়াল বেটিসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে চলতি মৌসুমে ঘরের মাঠে শতভাগ জয় নিশ্চিত করেছে দলটি।
ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। অন্য গোলটি করেন জোয়াও কানসেলো। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা বার্সা পুরো ম্যাচেই আধিপত্য ধরে রাখে। এই জয়ের ফলে ২০২৫-২৬ মৌসুমে লা লিগায় নিজেদের সবকটি ১৯টি হোম ম্যাচ জয়ের অনন্য কীর্তি গড়ে বার্সেলোনা। স্প্যানিশ শীর্ষ লিগের ৩৮ ম্যাচের বর্তমান ফরম্যাটে এর আগে কোনো দলই ঘরের মাঠে শতভাগ জয় ধরে রাখতে পারেনি।
এর আগে ১৯৮৫-৮৬ মৌসুমে ১৮ দলের লিগ কাঠামোয় রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে সবগুলো ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল। তবে বর্তমান ৩৮ ম্যাচের পূর্ণাঙ্গ ফরম্যাটে এবারই প্রথম এমন ইতিহাস তৈরি হলো। হ্যান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত মৌসুম কাটানো বার্সেলোনা শিরোপার পাশাপাশি এই রেকর্ড গড়ে মৌসুমটিকে আরও স্মরণীয় করে রাখল।